রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

কাজের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না : ডিএনসিসি প্রশাসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
কাজের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না : ডিএনসিসি প্রশাসক

টেন্ডারের শর্তগুলো যথাযথভাবে মেনে কাজ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। চলমান সব কাজের মান নিশ্চিত করতে কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করবেন। এসব নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (২৫ এপ্রিল) মিরপুরে ৫নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডের আলাদা দুটি প্রকল্পের সড়ক ও ড্রেনেজ লাইন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

মিরপুরের ৫নং ওয়ার্ডের সেকশন-১১, বাউনিয়াবাঁধ এলাকার ব্লক-এ থেকে ব্লক-ই পর্যন্ত বিভিন্ন বাইলেনের নর্দমা নির্মাণসহ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমার-আপনার টাকায় এই কাজ হচ্ছে, এই কাজে সহযোগিতা করবেন। ঠিকাদার যেন নির্বিঘ্নে কাজ শেষ করতে পারে, সেজন্য সবাই সহযোগিতা করবেন। কাজ ঠিকমতো হচ্ছে কিনা খোঁজ রাখবেন, মনিটরিং করবেন।’

এছাড়া বাউনিয়াবাঁধ ট্রাক স্ট্যান্ডে নির্ধারিত স্থানের বাইরে ট্রাক পার্কিং করা যাবে না উল্লেখ করে তিনি বলেন,‘যার গাড়িই হোক, মেইন রোডে কোনো অবস্থাতেই গাড়ি রাখা যাবে না। মেইন রোডে গাড়ি রাখলে নম্বর প্লেট দেখে জরিমানা করা হবে।’

এ প্রকল্পের আওতায় মোট ৭ দশমিক ৮৮ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন এবং সমপরিমাণ নর্দমার লাইন নির্মাণ করা হবে। এতে ১ হাজার ৫০ মি. মি. ও ১৫২৪ মি. মি. ব্যাসের আরসিসি পাইপলাইন স্থাপন করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

অন্যদিকে ৩নং ওয়ার্ডের মিরপুর সেকশন-১০, ব্লক-সি, রোড নং-২, ১৩ ও ১৬ এবং ব্লক-বি, রোড নং-১৯ (হোল্ডিং নং-১ থেকে হোল্ডিং নং-৬ পর্যন্ত) এলাকায় আরসিসি পাইপ নির্মাণসহ ফুটপাত ও রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা দ্রুততার সঙ্গে প্রকল্প অনুমোদন করেছি এবং অনুমোদনের পরপরই কাজ শুরু করতে পেরেছি।’

এ কাজের আওতায় ৩৩০ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন এবং সমপরিমাণ ৩৩০ মিটার নর্দমা লাইন নির্মাণ করা হবে। এতে ১ হাজার ৫০ মি. মি. ব্যাসের আরসিসি পাইপলাইন বসানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD