আফ্রিকার বিভিন্ন দেশে করোনার সংক্রমণ রোধে নেয়া পদক্ষেপ শিথিল হতে থাকায় শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (৩০ জুলাই) হু’র আঞ্চলিক কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শঙ্কার কথা জানানো হয়।
উদ্বেগ প্রকাশ করে হু’র আঞ্চলিক পরিচালক মাতশিদিশো মোয়েতি ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সরকার, সহযোগিতা সংস্থা-সংগঠন সকলেরই মনে রাখা দরকার যে আমরা নিরাপদ না হলে আসলে কেউই নিরাপদ নয়। তাই দেশে দেশে বেশি বেশি করোনার পরীক্ষা করতে হবে। আফ্রিকান দেশগুলোর সতর্কতা আরও বাড়ানোর আহ্বান জানান।
মোয়েতি বলেন, আমরা এক বিচিত্র অবস্থার মধ্যে আছি। আফ্রিকা একটি দেশ নয়, এখানে ৫৪টি দেশ রয়েছে এবং একেকখানে একেক রকম অবস্থা। করোনার সংক্রমণ ঝুঁকির কারণে অন্য রোগের বিরুদ্ধে চলমান যুদ্ধে কিছুটা ভাটা পড়েছে। এতে ধরে নেয়া হচ্ছিল কিছু মানুষের মৃত্যু হতে পারে। এখন প্রত্যেককে জানানো জরুরি যে স্বাস্থ্যসেবা পর্যাপ্ত রয়েছে।
আফ্রিকায় প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১৯ হাজারের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই করোনাকালের শেষে দেখা যাবে যে কোভিড-১৯’র প্রভাবে অন্য রোগের চিকিৎসা না নেয়ায় সৃষ্ট অসুস্থতা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
লাইট নিউজ