রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সৌমিত্র চ্যাটার্জির ডায়ালাইসিস শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রস্রাবের পরিমাণ কম হওয়ায় এ অভিনেতার ডায়ালাইসিস শুরু করেছেন। স্বল্প সময়ের মধ্যে একাধিকবার ডায়ালাইসিস করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়—প্রথম পর্বের ডায়ালাইসিস হয়েছে, তাতে ভালো সাড়া পেয়েছেন। তার রক্তচাপ স্থিতিশীল রয়েছে।

বুধবার বিকেলে চিকিৎসকরা জানান, গত ২৪ ঘণ্টায় সৌমিত্রর প্রস্রাবের পরিমাণ কম হয়েছে। তার কিডনি ঠিকমতো কাজ করছে না। তাই কিডনি বিশেষজ্ঞরা কয়েকটি ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমে যাওয়ার কারণে ২-৩ বার ডায়ালাইসিস হতে পারে।

করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। গত সপ্তাহে দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসার পর সৌমিত্র চ্যাটার্জিকে নন কোভিড সেকশনে স্থানান্তর করা হয়। কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনিত ঘটে।

গত ২৬ অক্টোবর সৌমিত্রর পরিবারের সঙ্গে আলোচনা করে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। সৌমিত্রর চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এর প্রধান অরিন্দম কর। এদিন বিকালে তিনি বলেন—আমরা সৌমিত্র চ্যাটার্জির গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত বন্ধ করতে পেরেছি। তবে এটি তার শরীরে প্রভাব ফেলেছে। রক্তক্ষরণ, ঔষুধ ও ডিহাইড্রেশন তার কিডনির কার্যকারিতার ওপর খারাপ প্রভাব ফেলেছে। যার ফলে তার ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে এবং তার প্রস্রাব ঠিকমতো হচ্ছে না।

করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্মইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চ্যাটার্জি। চ্যাটার্জি পরিবারের আদিবাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্রর দাদার আমল থেকে চ্যাটার্জি পরিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে বসবাস শুরু করেন। সৌমিত্র পড়াশোনা করেন—হাওড়া জেলা স্কুল, স্কটিশ চার্চকলেজ, কলকাতার সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। কবি ও খুব উচ্চমানের আবৃত্তিকার হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে।

২০১২ সালে ভারতের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন সৌমিত্র। ২০০৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পান তিনি। তাছাড়া ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সংগীত নাটক একাডেমি পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে। উল্লেখযোগ্য হলো—ফ্রান্সের ‘লেজিয়ঁ দ্য নর’ (২০১৮)।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD