একটার পর একটা সমস্যা লেগেই আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ দিন আগে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই তারকা। কিন্তু সেই করোনা নেগেটিভ হলেও দেখা দিয়েছে তার অন্যান্য শারীরিক সমস্যা।
৮৫ বছর বয়সী এই তারকা এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তার মধ্যেই দু’বার করা হয়েছে ডায়ালিসিস। কিন্তু এখনও তার শারীরিক অবস্থা খুব একটা উন্নতি হয়নি।
রোববার (১ নভেম্বর) হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিলো, ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে তার।
একইদিন রাত ৯টার মেডিক্যাল বুলেটিনে ডা. অরিন্দম কর জানান, সেই রক্তক্ষরণ এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রক্তক্ষরণ ঠিক কোথা থেকে হচ্ছে, তা বুঝতে সিটি এনজিওগ্রাফি করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পোস্ট সিটি এনজিও ডায়ালিসিস করা হয়। কীভাবে রক্তক্ষরণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাই করছেন তারা। এদিন পাঁচ ইউনিট ব্লাড ট্রান্সফিউশনও করা হয়েছে।
তিনি আরও জানান, “২৫-২৬ দিন হয়ে যাচ্ছে, কিন্তু নিউরজিক্যাল সমস্যাটাই বেশি করে ভোগাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। আচ্ছন্নভাব কাটছে না কিছুতেই। আর এটাই মনে হচ্ছে তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ার কারণ। ৮৫ বছরে কো-মর্বিডিটি নিয়ে লড়ছেন। কিন্তু মনে হয়, খুব বেশি আশা করা যাবে না।”
লাইটনিউজ