বলিউড সেনসেশন আনুশকা শর্মার সন্তান এখনও পৃথিবীর আলো দেখেনি। জানুয়ারিতেই মা হওয়ার কথা রয়েছে তার। এর আগেই সন্তান এলে তাকে ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন এ নায়িকা।
নিজে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা নিলেও সন্তানকে এর কাছে ঘেঁষতে দেবেন না আনুশকা। সন্তানকে বড় করতে চান সাধারণভাবে বেড়ে ওঠা শিশুদের মতোই। প্রাচুর্য থেকে দূরে রাখবেন।
ভারতের একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, আমি এবং বিরাট মানুষ হিসাবে অনেকটাই এক রকম। তাই আমাদের সন্তানকে বড় করতে এই মিল কিছুটা সুবিধা করে দেবে। আমি খুবই প্রগতিশীল পরিবেশে বড় হয়েছি। আমাদের পরিবারের ভীত ভালোবাসা দিয়ে তৈরি। আমি এবং বিরাট চাই আমাদের সন্তান সবাইকে শ্রদ্ধা করবে। নীতি শিক্ষাটা এ ক্ষেত্রে ভীষণ জরুরি। আমরা অবাধ্য সন্তান বড় করতে চাই না।
তিনি আরও বলেন, সন্তান বড় হয়ে সবাইকে শ্রদ্ধা করবে। শৈশবে মা-বাবার কাছে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষায় তিনি নিজের সন্তানকেও শিক্ষিত করতে চান। প্রাচুর্যের মধ্যে বড় হয়ে সে যাতে ‘অবাধ্য’ না হয়, তা নিয়ে সতর্ক থাকবেন বিরাট ও আনুশকা।
নিজেদের সন্তানকে খুব সাধারণভাবে বড় করতে চান তারা। মা হওয়ার আগেই নিজের সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
আনুশকা আরও জানান, ‘আমরা জনসমক্ষে নিজেদের সন্তানকে বড় করতে চাই না। এ বিষয়ে আমরা অনেক ভেবেছি। সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সন্তানকে দূরে রাখতে চাই।
একজন শিশুকে আর ৫ জন শিশুর থেকে বেশি গুরুত্ব দিতে চান না আনুশকা।
লাইটনিউজ