রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

এবার ইউরোপে যাচ্ছে চীনের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

মার্কিন ও রুশ টিকার পর এবার চীনের করোনার ভ্যাকসিন যাচ্ছে ইউরোপে।

চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সিনোফার্ম’ জানিয়েছে, বেইজিং ইনস্টিটিউটের তৈরি টিকাকে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সার্টিফিকেট দিয়েছে হাঙ্গেরির ঔষুধ প্রশাসন।

ইউরোপে এই প্রথম ছাড়পত্র পেল চীনের করোনা প্রতিষেধক।এর আগে রুশ ভ্যাকসিনের প্রতি আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিশেষজ্ঞেরা বলছেন, এর মধ্য দিয়ে চীনের টিকার জন্য ইউরোপে দরজা খুলে দিল হাঙ্গেরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বারবারই বলে আসছে— ইইউর অন্তর্ভুক্ত দেশগুলোতে টিকা দেওয়ার গতি খুবই শ্লথ।

তবে ইইউর বক্তব্য— অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। আর ফাইজারের টিকার সরবরাহ কম। বাধ্য হয়ে তারা বিকল্প পথের সন্ধানে ছিল।

সম্প্রতি বিজ্ঞানবিষয়ক জার্নাল ‘ল্যানসেট’-এ রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভির তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে টিকার গুণগতমান নিয়ে যথেষ্ট সন্তোষজনক মন্তব্য করা হয়েছে। তার পরেই রুশ টিকার দিকে ঝুঁকেছে ইইউ। এবার চীনা টিকার প্রতিও আগ্রহের খবর শোনা গেল।

গত বছর এই রুশ এবং চীনা প্রতিষেধক নিয়েই বিতর্কের ঝড় উঠেছিল বিশ্বজুড়ে। ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই টিকা দেওয়া শুরু করে দিয়েছিল চীন ও রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, তার মেয়েকে স্পুটনিক-ভি দেওয়া হয়েছে। চীন তারও আগে দেশবাসীকে টিকা দেওয়া শুরু করে দিয়েছিল।

কোনো আন্তর্জাতিক স্তরের জার্নালে ট্রায়াল রিপোর্ট প্রকাশ করার আগেই এভাবে গণটিকার কার্যক্রম শুরু করে দেওয়া ‘বিপজ্জনক’ জানিয়ে তখন প্রতিবাদ জানান বিশেষজ্ঞরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD