শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

এবার অনুমোদন পেল চীনের টিকাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশে রাশিয়ার টিকা স্পুটনিক ভি অনুমোদনের পর এবার চীন উদ্ভাবিত টিকা ‘সেনোভ্যাক’ জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল আলোচনাসভায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধান অতিথি হিসেবে সভায় যুক্ত হন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো কম্পানি চাইলে রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হবে। দেশের চাহিদা মিটিয়ে ডোজগুলো বিদেশেও রপ্তানি করা যাবে। তিনি জানান, চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা সিনোভ্যাকের জরুরি ব্যবহার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা রাশিয়ার, চায়নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছি। দেশীয় কোনো কম্পানি চাইলে আমাদের দেশে সেই বানানোর অনুমোদনও দেওয়া হবে। দেশের চাহিদা মিটিয়ে কম্পানিগুলো বিদেশেও রপ্তানি করতে পারবে।’

জাহিদ মালেক বলেন, ‘টিকা সংকট নিরসনে চীন রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করি টিকার কোনো সংকট থাকবে না। আগামী মাসে রাশিয়া ও চীন থেকে আমরা টিকা পাব।’ তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানা, ভাইরাসের মিউটেশন হচ্ছে বলে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। এর পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য সর্তক হতে হবে। দেশের উন্নয়নের জন্য অবশ্যই করোনা নিয়ন্ত্রণ করতে হবে। করোনা নিয়ন্ত্রণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি বলেন, বৈশ্বিক সংকটের সময় করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিএসএমএমইউ। চিকিৎসার পাশাপাশি গবেষণায় ভূমিকা রাখছে তারা।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD