রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিমুলিয়াঘাটে ঘরমুখো যাত্রীর ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে ঘাটে গাদাগাদি করে ফেরিতে উঠতে দেখা গেছে যাত্রীদের। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। এতে বাড়তি যানবাহনের চাপ পড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া লঞ্চঘাটের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও নৌপুলিশ সীমিত সামর্থ্য নিয়ে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। তার পরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্যবিধি মানছেন না ঘাটে আসা যাত্রীরা।

নিয়ম ভঙ্গ করায় সকালে পাঁচটি লঞ্চ আটকের পর জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বিআইডব্লিউটিএর পক্ষ থেকে সকাল থেকে মাইকিং করা হচ্ছে।

এছাড়া পদ্মা এখন উত্তাল। প্রচণ্ড স্রোত। এর মধ্যে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা সতর্ক আছি। যে লঞ্চগুলো চলছে সেগুলোর সার্ভে সার্টিফিকেট দেখে আমরা চলাচলের অনুমতি দিচ্ছি বলে জানান শিমুলিয়া লঞ্চঘাটের ওই কর্মকর্তা।

বাংলাদেশ লঞ্চমালিক সমিতির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলছে। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ৮৭টি লঞ্চ থাকলেও নয়টি বন্ধ রয়েছে। লকডাউনের কারণে অনেকে তাদের কাগজপত্র হালনাগাদ করতে পারেননি। কাগজপত্র ঠিক করে শিগগিরই বন্ধ লঞ্চগুলো চালানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD