শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একা’র বিরুদ্ধে দুই মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা একা’র বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দুটি মামলা করা হয়েছে।

শনিবার (৩১ জিলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একা’র বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে। রোববার (১ আগস্ট) হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিত্রনায়িকা একা’র বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যে মামলাটি পুলিশ বাদী হয়ে করেছে। অপরটি করেছেন হাজেরা (৩৫) নামের গৃহকর্মী, যিনি একা’র কাছে নির্যাতনের শিকার হয়েছেন৷

এর আগে শনিবার (৩১ জিলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুরার উলনের বাসা থেকে অভিনেত্রী একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। আটকের পর পুলিশ পরিদর্শক মহিউদ্দিন দাবি করেছিলেন, একা’র বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং আধা বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী হাজেরার অভিযোগের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়। আর অভিনেত্রী একার বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

গতকাল সন্ধ্যায় হাতিরঝিল থানার এসআই হারুন অর রশীদ বলেন, ‘গৃহকর্মী (হাজেরা) আমাদের কাছে যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রী একা এখন হাতিরঝিল থানায় রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর, অভিযোগকারী ওই গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।

এসআই হারুন আরও বলেন, প্রথমে আমাদের কাছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে। ওই গৃহকর্মীই ৯৯৯-এ কল দিয়েছিলেন। এরপর পুলিশ হাতিরঝিল থানার অধীন রামপুরার উলন এলাকা থেকে একাকে আটক করে এবং গৃহকর্মীকে উদ্ধার করে।

এদিকে চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন একা। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে ১৯৯৮ সালে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার। এরপর তিনি একই পরিচালকের ‘ধর’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন। পরে চিত্রনায়ক রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD