সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

করোনা মুক্ত হলেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

করোনা আক্রান্ত হয়ে গত ৭ জুলাই থেকে সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। সেখান থেকে সেলিম চৌধুরী সুস্থ্য হয়ে নিজ বাসা মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ফিরেছেন।

সেলিম চৌধুরী জানান, গত ৭ জুলাই করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন পেয়ে এ দিন বিকেলেই তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানকার করোনা ইউনিটে এক সপ্তাহ স্বাস্থ্য সেবা গ্রহণ করে সুস্থ হয়ে মঙ্গলবার রাতে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।

সেলিম চৌধুরী জানান, আরো কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থেকে বিশ্রাম নেবেন তিনি। অসুস্থ হওয়ার পর অসংখ্য বন্ধু-বান্ধব, স্বজন, পরিচিতজন ও ভক্তরা তার জন্য দোয়া কামনা করেছেন। তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এখন আর ফলোআপ নমুনা নেয়া হয় না। তবে করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসা সেবা গ্রহণের সঙ্গে সঙ্গে টানা ১৪ দিন আইসোলেশনে থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থতার একটি সনদপত্র দেয়া হয়। আরো ২ দিন পর কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকেও সুস্থতার সনদপত্র দেয়া হবে।

সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। মরমী সাধক হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রেও তিনি গান গেয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD