শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

কিশোরীকে যৌন নির্যাতন, ভারতীয় যুবকের ১০ বছরের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
কিশোরীকে যৌন নির্যাতন, ভারতীয় যুবকের ১০ বছরের কারাদণ্ড

>যুক্তরাষ্ট্রে মানবপাচারের শিকার এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাভানকুমার প্যাটেল ভারতের গুজরাটের বাসিন্দা এবং নেব্রাস্কার ওমাহা শহরের একটি হোটেলে কর্মরত ছিলেন।
মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ৬ জানুয়ারি, যখন পুলিশ একটি চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে মানবপাচারের প্রমাণ পায়। পরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরীকে উদ্ধার করে।
তদন্তে জানা যায়, পাচারকারীরা দুই কিশোরীকে অন্য অঙ্গরাজ্য থেকে ওমাহার আমেরিকিন হোটেলে এনে অর্থের বিনিময়ে যৌন নির্যাতনের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, হোটেলের দুই কর্মী একজন কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য পাচারকারীদের অর্থ দেয় এবং আরেক কর্মী অন্য কিশোরীর সঙ্গে একই ধরনের অপরাধে জড়িত ছিল।
কাভানকুমার প্যাটেল আদালতে স্বীকার করেন যে, তিনি হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে অর্থ নিয়ে পাচারকারীদের পরিশোধ করেছিলেন। এরপর হোটেল কর্মীরা পাচারকারী ও কিশোরীদের কয়েকদিন হোটেলে থাকতে দেয়।
উদ্ধার হওয়া কিশোরীরা জানিয়েছে, তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো না এবং তারা নিজেদের অসহায় মনে করতো। ফলে পাচারকারীদের নির্দেশ মেনে চলা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী প্যাটেল কারাদণ্ড শেষ করার পর বহিষ্কারের (ডিপোর্টেশন) মুখোমুখি হতে পারেন। এ ছাড়া ভারতীয় বংশোদ্ভূত আরও দুই হোটেল কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD