স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর আর হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায়! ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকার মধ্যকার ম্যাচে সেটাই চুটিয়ে উপভোগ করল ক্রিকেট প্রেমীরা। রোমাঞ্চমাখা সেই ম্যাচ নাটকীয়ভাবে মাত্র ২ রানে জিতে শিশির ভেজা রাতটা রাঙিয়ে নিলো বরিশাল। আগুনে পারফরম্যান্সে ক্যাপ্টেন তামিম ইকবালের দল শীতের রাতে ভক্ত-সমর্থকদের উপহার দিলো উষ্ণতার পরশ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাইফ হাসান (৫০) ফেরেন হাফ-সেঞ্চুরি পূর্ণ করে। পরে আফিফ হোসেন (৫০*) ও তৌহিদ হৃদয় (৫১*) অর্ধশতক হাঁকিয়ে থেকে যান অপরাজিত। ক্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় বরিশাল গড়ে ১৯৪ রানের চ্যালেঞ্জ স্কোর।
লক্ষ্যটা কঠিন। কিন্তু ভড়কে যায়নি বেক্সিমকো ঢাকা। তাইতো উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখের (১০৫; ৬৪ বলে ৮ চার ও ৭ ছক্কায়) সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্যটা ছোঁয়ার স্বপ্নের পিছনে ছুটতে থাকে ক্যাপ্টেন মুশফিকুর রহিমের দল। কিন্তু কোনো লাভ হয়নি। নাঈম শেখের দুর্দান্ত শতকটি মাটি হয়ে যায় ম্যাচ সোহরাওয়ার্দী শুভর (৩ উইকেট) ঘূর্ণি জাদুতে। শেষ দিকে ইয়াসির আলী ৪১ রান যোগ করেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ৬ উইকেটে ১৯১ রানেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস।