লেবানন থেকে উওর ইসরায়েলের কিরিয়াত শমোনা অঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ওই এলাকার ক্ষয়ক্ষতি ও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ মে) আল জাজিরার এক প্রতিবেদনে ভিডিওসহ হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন স্থানে সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে তা প্রতিহত করা হয়। এছাড়া আরেকটি সন্দেহভাজন আকাশযান সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। এ সময় পশ্চিম গ্যালিলি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত সক্রিয় করা হয়।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা পূর্ব লেবাননের জৌতার শহরের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি মারকাভা ট্যাংক লক্ষ্য করে নির্দেশিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সংগঠনটির আরও দাবি, দক্ষিণ লেবাননের দাবেইন শহরের উপকণ্ঠে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে সেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে তারা।
এদিকে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াহর উপকণ্ঠে বর্তমানে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে শহরটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-লেবানন সংঘাতের অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে।