বছর ঘুরে আবার এলো পবিত্র রমজান। আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। সাহরিতে খাবার খেয়ে সারাদিন উপোষ থাকার মাধ্যমে রোজা পালন করা হয়। তাই সাহরিতে কী খাচ্ছেন সেদিকে নজর দেওয়া জরুরি।
অনেকের পরিবারেই বৃদ্ধ আছেন। তাদের সাহরিতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার রাখতে হবে। পুষ্টিবিদদের মতে, সাহরিতে এমন কিছু খাবার খাওয়া প্রয়োজন তা দিনভর শরীরে শক্তি বজায় রাখবে। পাশাপাশি ক্ষুধাও কম অনুভূত হবে। এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নিই-
খেজুর
কেবল ইফতার নয়, রমজানে সাহরিতেও খেজুর খেতে পারেন। বিশেষ করে বৃদ্ধদের খাদ্যতালিকায় ফলটি রাখতে পারেন। সাহরিতে খেজুর খেলে সারাদিন কর্মক্ষম থাকার শক্তি মেলে।
আপেল
আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার ও ভিটামিন সি। তাই এই ফলও শরীরে আর্দ্রতা বজায় রাখে।
রুটি
সাহরিতে বৃদ্ধদের রুটি খেতে দিতে পারেন। এতে থাকে ফাইবার ও কার্বোহাইড্রেট। সাহরিতে ফাইবার ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া ভালো। এতে পেট অনেকক্ষণ ভরা অনুভূত থাকে।
কলা
সাহরিতে বৃদ্ধরা কলাও খেতে পারেন। এই ফলটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
আলু
পটাশিয়াম ও কার্বোহাইড্রেটের বড় উৎস আলু। সাহরিতে যেকোনোভাবে আলু খেলে সারাদিন শরীরে শক্তি বজায় থাকবে। বৃদ্ধদের সাহরিতে এই খাবারটি রাখতে পারেন।
দই
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে দই। এতে থাকা ভালো ব্যাকটেরিয়া রোজায় সুস্থ রাখতে ভূমিকা রাখে।
ছোলা
প্রোটিন সমৃদ্ধ ছোলা সাধারণত ইফতারে খাওয়া হয়। বৃদ্ধদের সাহরিতেও এই খাবারটি রাখতে পারেন। ছোলা খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।
ভাত-ডাল
সেহরিতে চাইলে ভাত, ডাল, মুরগির মাংস ও সবজি রাখতে পারেন। এর পাশাপাশি প্রোটিন ও সামান্য ফ্যাটও খেতে পারেন।
পর্যাপ্ত পানি পান
যেহেতু ইতোমধ্যে হালকা গরম পড়ে গেছে তাই সাহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং তরল খাবার খান। এতে শরীরে পানিশূন্যতা রোধ হবে।