মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শাস্তির ভয় পায় না পাকিস্তান: রশিদ লতিফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়ার পরপরই ক্ষোভে ফেঁটে পড়েছে পাকিস্তান। বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশকে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন সিদ্ধান্তের কারণে পাকিস্তানের শাস্তি পাওয়ার শঙ্কা রয়েছে। তবে পিসিবি শাস্তির ভয় পায় না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

রশিদ লতিফ বলেন, ‘‘সাধারণত পাকিস্তান এমন সিদ্ধান্ত নেয় না। এই সিদ্ধান্তের জন্য বড় প্রভাব পড়তে পারে। শাস্তিও পেতে পারে পাকিস্তান। কিন্তু পিসিবি শাস্তির ভয়ে ভীত নয়। এবছরই ইংল্যান্ডের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এতে ভারতের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের মেয়েরাও। আবার ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ভারত। তাই বোঝা যাচ্ছে যে, এর প্রভাব এখানেই শেষ হবে না। গভীর চিন্তা-ভাবনা শেষেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।’’

তিনি আরও বলেন, ‘‘এটা ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের আলাদা একটা গুরুত্ব রয়েছে। ক্রিকেটপ্রেমীরা এই দুই দলের খেলা দেখার জন্য মুখিয়ে থাকে। মূলত শতকরা ৬০-৭০ শতাংশ মানুষ ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখে ভারত-পাকিস্তানের কারণে।’’

ঘটনার সূত্রপাত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল রোববার (১ জানুয়ারি) পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD