জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়লেও মঙ্গলবার (৩ নভেম্বর) আবারও দর হারিয়েছে মূল্যবান ধাতুটি। একই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক কর্মকর্তা যুদ্ধ অবসানে চুক্তি এখনো অনেক দূরে বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক ডলারের বেশি বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে ঝুঁকি বাড়লে তেলের দাম দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর প্রবণতা বা কঠোর মুদ্রানীতির সম্ভাবনা জোরালো হয়, যা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিশতেশ শাহ বলেন, তেলের দাম বাড়লে সাধারণত মূল্যস্ফীতির চাপ বাড়ে। এর ফলে সুদের হার বাড়ার প্রত্যাশাও বৃদ্ধি পায়, যা স্বর্ণের জন্য নেতিবাচক। বর্তমানে বাজারে সেই পরিস্থিতিই দেখা যাচ্ছে।
সুদবিহীন সম্পদ হওয়ায় সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এদিকে, সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৫ শতাংশ দেখছেন।
মধ্যবর্তী নির্বাচনেও নজর বিনিয়োগকারীদের
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচন ঘিরেও আর্থিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডেমোক্র্যাটদের বড় জয় এআই ডেটা সেন্টার নির্মাণ এবং বৃহত্তর প্রযুক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারির কারণে চাপ তৈরি হলে অন্য খাতের লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা স্বর্ণে তাঁদের অবস্থান কমাতে পারেন।
স্বর্ণে বিনিয়োগের পূর্বাভাস কমাল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
এদিকে, চলতি বছর স্বর্ণে বিনিয়োগের প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস কমিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। আগে ৪০০ মেট্রিক টন প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও তা কমিয়ে ২০০ মেট্রিক টন করা হয়েছে। স্বর্ণের বার ও কয়েনের চাহিদা দুর্বল হয়ে পড়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পূর্বাভাস বাড়ানো হয়েছে।
কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন হয়েছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮ দশমিক ৯৩ ডলারে নেমেছে।
এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪১৯ দশমিক ০৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে ৯৪০ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স