রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

নতুন যে পরামর্শ দিলেন কোভিড-১৯ জাতীয় কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

দেশে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার প্রকোপ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনার পাশাপাশি লকডাউন ঘোষণা করা হলেও জনসাধারণের উদাসীনতায় তেমন একটা সুফল পাওয়া যায়নি। তবে এবার কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় দুই সপ্তাহ পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে।

শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরামর্শক কমিটি। গত বুধবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটি মনে করে, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধিতে জনস্বাস্থ্য সম্পর্কিত যে ১৮টি নির্দেশনা জারি হয়েছিল, সেগুলো সঠিকভাবে মানা হচ্ছে না। তাই ‘বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার’।

কমিটির সুপারিশে বলা হয়েছে, অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে না। বিশেষ করে সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকায় দুই সপ্তাহ পূর্ণ লকডাউন রাখতে হবে। দুই সপ্তাহ পর সংক্রমণ হার বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বিদেশগামী যাত্রীদের বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়ে কমিটি বলছে, করোনাভাইরাসের টেস্ট করতে আসা ব্যক্তিদের একটা বড় অংশ বিদেশগামী যাত্রী। কমিটির মতে, বিদেশে অভিবাসী কর্মজীবী মানুষ ছাড়া অন্যদের পরীক্ষার জন্য বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এতে রোগীদের পরীক্ষা ও রিপোর্ট দ্রুত প্রদান করে আইসোলেশন নিশ্চিত করা যাবে, যা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্যক্রম ভালো ফল এনেছে উল্লেখ করে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেন, যুক্তরাজ্যে ভ্যাকসিন কার্যক্রম অনুসরণ করে বাংলাদেশেও টিকা কর্মসূচি সফল করতে টিকা সরবরাহ নিশ্চিতে বেসরকারিভাবে আমদানির ওপর জোর দিতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD