শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সাকিবের সিংহাসনে ভাগ বসালেন হাসারাঙ্গা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এবার তার সঙ্গে যৌথভাবে চূড়ায় চলে এলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শীর্ষ পাঁচে থাকা অলরাউন্ডারের রেটিং পয়েন্টও খুব বেশি নয়। মাত্র ২৩ রেটিং পয়েন্ট তাদের পৃথক করে রেখেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে অংশ নিয়ে তিন রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব। তার রেটিং এখন ২২৮। এক ধাপ এগিয়ে শীর্ষস্থান ভাগ করে নেওয়া হাসারাঙ্গার রেটিংও ২২৮। তিনে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং ২১৮। তার পর জিম্বাবুয়ের সিকান্দার রাজা, রেটিং ২১০। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম এক ধাপ নিচে নেমে ২০৫ নম্বরে অবস্থান করছেন।

কিছুদিন আগেই ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান হারিয়েছেন। তার জায়গা দখলে নিয়েছেন মোহাম্মদ নবী।

এদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। তিন ধাপ এগিয়ে তাসকিনের অবস্থান এখন ২৩তম। মোস্তাফিজ ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে তাসকিন ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। মোস্তাফিজ শেষ দুই ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD