শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ অটোরিকশা শ্রমিক কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩০ অটোরিকশা শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে মিরপুরের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও পল্লবীর মামলায় মো. শাকিল আহাম্মদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন-অনিক, মো. আবু বক্কর, মো. আলী হোসেন, মো. সাগর মৃধা, মো. সাহর শেখ, মো. বকুল হোসেন, মো. নুরুল ইসলাম, মো. মাজেদ আলী, মো. মোতাহার হোসেন, মো. দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, মো. সাহাবুদ্দিন, রুহুল আমিন, মো. জুনায়েদ ও মো. জাকির হোসেন।

এছাড়া পল্লবী থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন-রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, জালাল শরীফ, মো. আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, মো. শাহাজাহান মিয়া, মো. রাসেল, মো. ওয়াজিব, আনোয়ার হোসেন, মো. আতাউর রহমান, মো. সুমন, নূর মোহাম্মদ ও শরিফ।

রোববার (১৯ মে) আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় অটোরিকশাচালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন। এ ঘটনায় মিরপুর ও পল্লবী থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়। মামলায় অটোরিকশা শ্রমিকদের আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD